লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। এ ঘটনার এখন পর্যন্ত ৫ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন পুড়ে ছাই হয়ে গেছে  শত শত বাড়ি। এ পরিস্থিতি মোকাবিলায় এক লাখের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সিএনএন জানায়, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে পাঁচটি পৃথক অগ্নিকাণ্ড চলছে। এর মধ্যে প্যাসিফিক পালিসেডস এলাকায় আগুন ১৫ হাজার ৮৩২ একর জমি ধ্বংস করেছে। অন্যদিকে, সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে ইটন দাবানলে পুড়েছে ১০ হাজার ৬০০ একর জমি। এই দাবানলটি এরই মধ্যে পাঁচজনের প্রাণ কেড়ে নিয়েছে।

এ বিষয়ে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, ইটন দাবানলে নিহতদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয় দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে।

জানা গেছে, লস অ্যাঞ্জেলসের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের কবলে অঞ্চলটি। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। পানি স্বল্পতায় আরও কঠিন হয়ে পড়েছে কাজ।

আশপাশের এলাকাগুলো থেকে সরবরাহ করা হচ্ছে পানি। বিমান থেকে ছেটানো হচ্ছে রাসায়নিক। দাবানলের প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ ব্যবস্থা। অন্ধকারে দক্ষিণাঞ্চলের দেড় লাখ মানুষ।