বার্সেলোনাকে ফাইনালে তুললেন ইয়ামাল-গাভি

টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে প্রথম সেমি-ফাইনালে ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করেছেন গাভি এবং লামিনে ইয়ামাল। অন্যদিকে দুর্ভাগা বিলবাও দুইবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি।

বুধরার রাতে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বিলবাওকে চেপে ধরা বার্সেলোনা। পঞ্চম মিনিটে বক্সে বল পেয়ে উড়িয়ে মারেন রাফিনিয়া। ১৭তম মিনিটে আলেহান্দ্রো বাল্দেকের-ব্যাকে ছয় গজ বক্সের বাইরে থেকে বল জালে পাঠান গাভি। হাঁটুর গুরুতর চোট থেকে সেরে উঠে মাঠে ফেরার পর চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের এটি প্রথম গোল।

বিরতির পর ৫২তম মিনিটে গাভির পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ইয়ামাল। ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার চলতি মৌসুমে ক্লাবের গোল করলেন ৭টি, অ্যাসিস্ট আছে ১২টি। ৮২ এবং ৮৬ মিনিটে পরপর দুইবার বার্সেলোনার জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে গোল পায়নি বিলবাও। এই নিয়ে নতুন বছরে প্রথম দুই ম্যাচেই জিতল বার্সেলোনা।

আগামী বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং মায়োর্কা। সেই ম্যাচেই নির্ধারিত হবে আগামী রবিবারের ফাইনালে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ কারা হতে যাচ্ছে। দর্শকরা অপেক্ষা করছেন আরেকটি রিয়াল-বার্সা ‘এল ক্ল্যাসিকো’ দেখার। গত আসরের ফাইনালে ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল।