ভারত অধিনায়ক রোহিত শর্মার ক্যারিয়ার এখন শেষ বিন্দুতে এসে দাঁড়িয়েছে। তিনি আর টেস্ট দলে সুযোগ পাবেন কিনা- সেটাও অনিশ্চিত। ইতোমধ্যেই বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম এবং পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরা। পরবর্তী ভারত অধিনায়ক হিসেবে তিনিই এগিয়ে আছেন। ভারতের সাবেক ওপেনার সুনিল গাভাস্কারর কাছে বুমরাই রোহিতের সেরা বিকল্প।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের একমাত্র জয়টি এসে বুমরার নেতৃত্বেই। গাভাস্কার মনে করেন, সতীর্থদের চাপ না দেওয়ার কারণেই বুমরা এগিয়ে থাকবেন, ‘বুমরাকেই পরবর্তী অধিনায়ক হিসাবে দেখতে পাচ্ছি। সে সামনে থেকে নেতৃত্ব দেয়। নেতা হওয়ার জন্য যে গুণ থাকা দরকার সেটা তার মধ্যে আছে। সে আপনাকে চাপে ফেলবে না। কিছু কিছু অধিনায়ক আছে যারা আপনাকে চাপে ফেলতে ভালোবাসে।’
কোন অধিনায়কেরা সতীর্থদের চাপে রাখে- সেটা অবশ্য স্পষ্ট করেননি গাভাস্কার। তিনি আরও বলেছেন, ‘বুমরা আশা করে বাকিরা নিজেদের কাজটা ঠিকঠাক করবে। সে সবাইকে বুঝিয়ে দিতে চায়- কেন তাদেরকে জাতীয় দলে নেওয়া হয়েছে। পেসারদের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব আছে। মিড-অফ, মিড-অন, যেখানেই ফিল্ডিং করুক না কেন, বুমরা সবসময় পরামর্শ দিয়ে যায়। তাকে দ্রুতই অধিনায়ক হিসাবে দেখলে অবাক হব না।’