পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নেন তারা। এতে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর অন্তত ৬০০-৭০০ সদস্য শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন। ‘যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ তারা লড়াই চালিয়ে যাবেন’ বলে ঘোষণা দেন।
বৃহস্পতিবারের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ‘শাহবাগ ব্লকেড’সহ লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিডিআর জওয়ানরা। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অন্যান্য দাবি হলো– রিমান্ডে বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের মাধ্যমে বিচারসহ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের দাবি অন্তর্ভুক্ত ও ২৫ ফেব্রুয়ারিকে সেনা হত্যা দিবস ঘোষণা।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআরের সদস্যরা বলেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দি সদস্যদের মুক্তির দাবি জানান তারা। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও, তা না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।