মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বাশার আল-আসাদের সরকারকে উৎখাতের পর ইসলামিক স্টেটের (আইএস) যাতে বড় হুমকি হয়ে পুনঃপ্রতিষ্ঠিত না হয় সেজন্য সিরিয়ায় মার্কিন সেনাদের থাকা প্রয়োজন। অফিস ছাড়ার আগে দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে অস্টিন বলেন, সিরিয়ায় এখনো মার্কিন বাহিনীর প্রয়োজন।
শিবিরগুলোর নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য সিরিয়ায় মার্কিন সেনাদের থাকা প্রয়োজন বলে মনে করেন অস্টিন। সেখানে সাবেক আইএস যোদ্ধা এবং তাদের পরিবারের হাজার হাজার সদস্য রয়েছে। ধারণা করা হয়, শিবিরগুলোয় আট থেকে ১০ হাজার আইএস যোদ্ধা রয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ২০০০ জন অত্যন্ত বিপজ্জনক।
জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে অস্টিন প্রায় ৫০টি অংশীদার দেশের সঙ্গে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, সিরিয়াকে অরক্ষিত রাখা হলে আইএস যোদ্ধারা মূলধারায় ফিরে আসবে। তাদের গলা চেপে রাখতে আমাদের এখনো কিছু কাজ বাকি আছে।
দায়েশকে মোকাবিলায় সিরিয়ায় প্রায় দুই হাজার মার্কিন সেনা রয়েছে। তবে দেশটির কর্মকর্তারা বছরের পর বছর ধরে বলে এসেছেন, সেখানে মোট ৯০০ সেনা রয়েছে। সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ার একটি বিশাল অংশ জয় করার পর ২০১৫ সালে এসব মার্কিন সেনাদের পাঠানো হয়েছিল।
গত বছরের ৮ ডিসেম্বর আসাদকে ক্ষমতাচ্যুত করার পর মার্কিন সেনাদের অব্যাহত উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।