মেহেরপুর

ব্যাংকের ভল্ট কেটে টাকা চুরি

মেহেরপুরের দারিয়াপুরে রাতের আঁধারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার লোহার গ্রিল কেটে ব্যাংকের অভ্যন্তরের ভল্ট কেটে ৬ লাখ ৩৩ হাজার টাকা ও সিসি ক্যামেরার হার্ড ডিক্স চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে থানায় নিয়ে গেছে পুলিশ।
 
সরেজমিন গিয়ে দেখা গেছে, মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারের অত্যন্ত ব্যস্ত এলাকায় ব্যাংকটি অবস্থিত। ভবনের নীচে মার্কেট। উপরে ব্যাংক এবং অফিস ভাড়া। সেই ব্যাংকের লোহার জানালা কাটা এবং ভল্ট খোলা। চোরের দল দারিয়াপুর বাজারে দ্বিতল মার্কেটের ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় জালানার গ্রিল কেটে প্রথমে ব্যাকের ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের ভেতরে লোহার ভল্ট কেটে সেখানে রাখা ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে এবং যাবার সময় ব্যাংকের সিসি ক্যামেরার হার্ড ডিক্সটিও নিয়ে গেছে। 

এদিকে চুরি সংঘটিত হওয়ার ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে পুলিশ থানায় নিয়েছে। তাদের অভিযোগ ব্যাংকের নিজস্ব স্টাফের সহায়তা ছাড়া পুরো চুরি শেষ করে চোরের দলকে নিরাপদে চলে যেতে ব্যাপক সময় ব্যয় হওয়ার কথা। অথচ বাজারের মধ্যে সমস্ত চোখ ফাঁকি দিয়ে এই ঘটনা ঘটানো হলো। 

স্থানীয় বাসিন্দা আকবর আলী জানান, এমন এলাকায় ব্যাংক লুট ঘটনা খুবই দুঃসাহসিক। এই ঘটনায় ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে এখন উদ্বিগ্ন। এই ঘটনার সাথে কারা জড়িত তাদের শাস্তির আওতায় নিতে ব্যার্থ হলে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হবে।

ব্যাংকের ম্যানেজার আব্দুল গাফ্ফার জানান, প্রতিদিনের মত বুধবার নিয়মিত ব্যাংকিং লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। এ সময় ব্যাংকের লকার ঘরে ভল্টে ৬ লাখ ৩৩ হাজার টাকা রাখা ছিল। সকালে খবর পাই ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট কেটে টাকা নিয়ে গেছে চোরের দল। ব্যাংকটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ছিল। চোরের দল সিসি ক্যামেরার হার্ড ডিক্সটাও খুলে নিয়ে গেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে সবকিছু জেনে গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতের কোনো এক সময় একদল চোর ব্যাংকটির পেছন সাইডের জানালার গ্রিল কেটে ভল্টে থাকা টাকা নিয়ে গেছে। ঘটনার পর পুলিশ ডিবি ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ শুরু করেছে। মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।