কোনাবাড়িতে ৪০ বছরের পুরনো কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের কোনাবাড়ীতে পলিকন লিমিটেডের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে কারখানা কর্তৃপক্ষ মূল ফটকে কারখানা বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয়।

পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহির স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ডলার সংকটের কারণে বিগত এক বছরের বেশি প্রতিষ্ঠানটি কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়। ২০২৩ সালের জুন মাস থেকে লোডশেডিংয়ের কারণে ফ্যাক্টরির উৎপাদন ৮০ ভাগ কমে যায়। 

অন্যদিকে ব্যাংক লোন, বকেয়া বেতন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল কোনোটাই গত আড়াই বছর ধরে শোধ করতে পারেনি ৪০ বছরের পুরনো প্রতিষ্ঠানটি। নোটিশে আগামী তিন মাসের মধ্যে শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে উল্লেখ করা হয়।

কারখানাটির শ্রমিক ইকবাল হোসেন বলেন, ১৭ বছর ধরে এই কারখানায় চাকরি করি। চার মাসের বকেয়া বেতন পাব। বুধবারও আমরা ডিউটি করেছি। বৃহস্পতিবার সকালে অফিসের গেটে এসে অনির্দিষ্টকাল বন্ধের নোটিশ দেখতে পাই। শেষ বয়সে আমরা কোথায় চাকরি নেব। কিভাবে চলবে আমাদের সংসার।

জাহাঙ্গীর আলম নামে আরেক শ্রমিক বলেন, ৩৭ বছর ধরে এই কারখানায় চাকরি করি। কাজ করতে গিয়ে আমার হাতের আঙ্গুল কেটে যায়। হঠাৎ করে কারখানা বন্ধের ঘোষণা দিল। মালিক আমাদের কথা চিন্তা করল না। এ বয়সে কোথায় চাকরি নিব, বউ পোলাপান না খেয়ে মরবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর এবং ডিসেম্বরের বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধ করে দিয়েছে। আমাদের পাওনা পরিশোধ করলেই হয়।

এ বিষয়ে জানতে পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহিরকে ফোন দিলেও তিনি সাড়া দেননি। তবে গাজীপুর শিল্প পুলিশ -২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, মালিকপক্ষের সাথে কথা হয়েছে। আগামী রবিবার নভেম্বর মাসের বেতন দেবে এবং ১৩ জানুয়ারি সোমবার শ্রমিকদের সাথে কথা বলে পরবর্তীতে তাদের বকেয়া পরিশোধ করবে। বর্তমানে পরিবেশ 
স্বাভাবিক রয়েছে।