বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একাত্তরের লড়াই ছিল পাকিস্তানের অত্যাচার, নির্যাতন ও শোষণের বিরুদ্ধে। ঠিক একইভাবে চব্বিশের লড়াইটিও ছিল আওয়ামী জাহেলিয়াত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। এ দুটি লড়াই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। একাত্তর ও চব্বিশ ছিল বাঙালি জাতির ইতিহাসের লড়াই। তাই একটিকে দিয়ে আরেকটি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিষয়টি এমন নয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।
তিনি বলেন, আমরা আশা করছি সরকার ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থান ও বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করার প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নেবে। সরকারের জুলাই ঘোষণাপত্রে অবশ্যই শহীদ ও আহত ব্যক্তিদের স্বীকৃতি দিতে হবে। এ ছাড়া প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশনের ঘোষণাপত্রে ১৯৪৭ থেকে একাত্তরের পথযাত্রা এবং ১৯৭১ থেকে চব্বিশের পথযাত্রার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রামের দীর্ঘ সময়ের যে ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের স্বীকৃতি থাকতে হবে। আওয়ামী জাহেলিয়াতের সময় খুন, গুম, হত্যা নির্যাতন, নিপীড়নের বর্ণনা থাকতে হবে।
এ সময় তিনি উপজেলা দেবীদ্বার সদর এলাকায় বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবীদ্বার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।