ময়মনসিংহে হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহর মিলাদ মাহফিল, সামা কাওয়ালি অনুষ্ঠান ও মাজারে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মাজারের পাকা স্থাপনার কিছু অংশ ও ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। গত বুধবার রাতের এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা শাখা।
সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির দপ্তর বিভাগের আহবায়ক আল আমিন আহমেদ জুন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহ সুফি সৈয়দ কালু শাহ -এর মাজারে গত ৮ জানুয়ারি ২০২৫ দিবাগত রাতে দু'দফা হামলা ও ভাংচুর করেছে মাদ্রাসার উছৃঙ্খল কিছু ছাত্র নামধারী দুর্বৃত্তরা। কালু শাহ'র ১৭৯তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবছরের মতো মাজারে মিলাদ, দোয়া ও সামা কাওয়ালী অনুষ্ঠান চলছিল। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সম্মুখে অতর্কিত মাজারে হামলা- ভাংচুরের ঘটনা বিক্ষুব্ধ করেছে ময়মনসিংহবাসীকে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটি।
এক যুক্ত বিবৃতিতে সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত ও সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার বলেন- ‘আবহমান বাংলার ঐতিহ্যমন্ডিত সংস্কৃতি ও শিক্ষা নগরী ময়মনসিংহের প্রাণকেন্দ্রে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ন্যাক্কারজনক হামলা- ভাংচুরে ময়মনসিংহবাসীর সাথে আমরাও বিক্ষুব্ধ। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।ময়মনসিংহ নগর ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক-সম্প্রীতির এক জনপদ। এই জনপদে উগ্রবাদীদের আস্ফালন জনগণ মেনে নেবে না।’