ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঠে নামা মানেই যেন গোল। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দাপট দেখিয়ে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। বৃহস্পতিবার রাতে বছরের প্রথম ম্যাচ খেলতে নেমে আল-ওখদুদের বিপক্ষে তিনি গোল করেছেন। তার দল আল নাসর জিতেছে ৩-১ ব্যবধানে।
রিয়াদের আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল আল নাসর। ৬ষ্ঠ মিনিটে স্যাভিয়ের গাডউইনের গোলে এগিয়ে যায় ওখদুদ। ২৯ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরান সাদিও মানে। ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। দ্বিতীয়ার্ধের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সাদিও মানে। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
এবারের সৌদি লিগে ১১টি গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে আছেন রোনালদো। শীর্ষে থাকা আল হিলালের আলেকসান্দার মিত্রোভিচের থেকে তার একটি গোল কম। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে আল নাসর। শীর্ষে থাকা আল ইতিহাদের থেকে তারা ৮ পয়েন্ট পিছিয়ে। দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট অর্জন করেছে।