ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েই হাভিয়ের মাশচেরানো প্রকাশ করলেন দলে খেলোয়াড়ের ঘাটতি নিয়ে তার দুশ্চিন্তার কথা। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসের মতো তারকাদের সঙ্গে স্কোয়াড গড়লেও তিনি স্পষ্ট জানালেন, 'নেইমারকে দলে ভেড়ানো প্রায় অসম্ভব।'
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব ছেড়ে মাশচেরানো এবার যোগ দিয়েছেন মায়ামিতে। বার্সেলোনার সাবেক সতীর্থদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হলেও তিনি বুঝতে পারছেন, স্কোয়াড নিয়ে চ্যালেঞ্জ আছে। প্রথম ম্যাচ সামনে রেখে দলে ইতোমধ্যে ছয়জন খেলোয়াড় চলে গেছেন, যার ঘাটতি পূরণ করা জরুরি বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে মাশচেরানো বলেন, 'আমি এখানে আসতে পেরে খুশি, তবে আমাদের স্কোয়াডে এখন খুবই ঘাটতি। ছয়জন খেলোয়াড় চলে গেছেন, আর মৌসুমের প্রথম ম্যাচের জন্য কেবল ১১ জন নয়, বেঞ্চে বিকল্প খেলোয়াড়ও প্রয়োজন। এটি এখন আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। আশা করছি, এই ট্রান্সফার উইন্ডোতে আরও কিছু সাইনিং সম্পন্ন করতে পারব।'
এখন পর্যন্ত ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে ফাফা পিকাউল্টকে দলে টেনেছে। তবে গঞ্জালো লুজান ও তাদেও আলেন্দের সাইনিংয়ের কাজ শেষ হওয়ার অপেক্ষায়। এদিকে মাতিয়াস রোজাস চলে গেছেন আর্জেন্টিনায়, যেখানে তিনি রিভার প্লেটে যোগ দিয়েছেন।
নেইমারকে নেওয়া বাস্তবসম্মত নয়
মাশচেরানো নেইমারকে দলে নেওয়ার সম্ভাবনাকে প্রায় অসম্ভব বলে উল্লেখ করেন। মেজর লিগ সকারের বেতন কাঠামোকে দায়ী করে তিনি বলেন, 'আমরা নেইমার নিয়ে কোনো আলোচনা করছি না। মেলানো সম্ভব নয়।'
এদিকে লিওনেল মেসি, সুয়ারেজ ও অন্যান্য তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি এবং তারা নিজেদের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট। আমাদের সম্পর্ক যা-ই হোক, ক্লাবের বাইরের বিষয়গুলোর সঙ্গে আমি কোনো মিশ্রণ ঘটাতে চাই না। সবাই একসঙ্গে কাজ করলেই দলকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।'
৩০তম এমএলএস মৌসুম সামনে রেখে ইন্টার মায়ামি এবার দারুণ প্রত্যাশা নিয়ে মাঠে নামবে। তবে মাশচেরানোর মতো কোচের জন্য খেলোয়াড় সংকট কাটিয়ে ওঠা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।