নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজারের বাসার খাটের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই কলেজ শিক্ষক হচ্ছেন নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায় (৬৬)।
স্থানীয়দের বরাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে শিক্ষক দিলীপ কুমার রায় একাই বাসায় ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভেতরের ঢুকে গ্রিলেও তালা দেখতে পান। এ অবস্থায় তিনি ও স্থানীয়রা তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নীচে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, “মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্নও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনাসহ প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি শিক্ষক দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে। চুরির ঘটনায় না অন্য কোনো কারণে এই হত্যার রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।
এদিকে জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।