জামিন বাতিল করে সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

তাবলিগ জামাতের সাদপন্থিদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছেন মাওলানা জোবায়ের অনুসারীরা। একইসঙ্গে সম্প্রতি ইজতেমার মাঠে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও জামিন বাতিল করে বিচারের দাবিও জানিয়েছেন তারা।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা-মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদি জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ এ দাবি জানানো হয়। পরে বায়তুল মোকাররমের সামনের সড়কে মিছিল করেন আন্দোলনকারীরা।

তার আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী।

সমাবেশে বক্তারা বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে বারবার হামলাকারী ‘পথভ্রষ্ট সাদপন্থি’দের সব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। টঙ্গী ইজতেমার মাঠে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। বাংলার জমিন থেকে সাদপন্থিদের নিষিদ্ধ করতে হবে।

এর আগে তাবলিগ জামাতের সাদপন্থিদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দেন শুরা-ই-নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা। গত ৪ জানুয়ারি কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান তাবলিগ জামাতের জোবায়েরপন্থিরা।