বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার না করে প্রশাসনে ফ্যাসিস্টদের রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।
তিনি বলেন, আমরা একটা কাল যুগ পার করেছি। যাদের রক্ত ও চোখের পানির বিনিময়ে আমাদের এই অর্জন তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। একটি অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে।
শুক্রবার (১০ জানুয়ারি) গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোট কাটাকাটি করে নির্বাচন করার পরিকল্পনা বাদ দিন। আসুন একটা গ্রহণযোগ্য সময়ে সংস্কারের মাধ্যমে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই। চাঁদাবাজি করে যারা কলকারখানার চাকা বন্ধ করে দিতে চায় তাদের দ্রুত গ্রেপ্তার করুন। মুক্তিযুদ্ধে যে চেতনার কথা বলা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। নতুন করে দেশ স্বাধীন হয়েছে। জামায়াতে ইসলামী একটি সুদ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত যাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, ইতিহাসের জঘন্যতম সাজানো মিথ্যা জুডিশিয়াল ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নেতাদের হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে আল্লাহর নেক বান্দাদের হত্যা করা হলেও নিষ্ঠুর স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্তর কাপেরি।
গাজীপুর সদর থানার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের আমীর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড.মো. সামিউল হক ফারুকী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর জেলার সাবেক আমীর মো. আবুল হাশেম খান, ২০২৪ এর আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী মুকুল কুমার দত্ত, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. হোসেন আলী প্রমুখ।