লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়ল ফুটবলারের বাড়ি

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের বিনোদন নগরী লস অ্যাঞ্জেলেস। শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক এই অগ্নিকাণ্ডে প্রায় ১ হাজার অবকাঠামো পুড়ে গেছে বলে জানিয়েছে ওয়াইল্ডফায়ার অ্যালায়ান্স। ‘প্যালিসাদেস ফায়ার’ নামে পরিচিত এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউড তারকা ও ক্রীড়াবিদরা।

মেজর লিগ সকারের (এমএলএস) দল লস অ্যাঞ্জেলেস এফসির মেক্সিকান ফরোয়ার্ড কার্লোস ভেলার মালিবুতে অবস্থিত বাড়িও পুড়ে গেছে। ভেলার স্ত্রী সাইয়োয়া ক্যানিবানো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, 'আমাদের সুন্দর বাড়িটি গতকাল পুড়ে গেছে। যা কিছু ঘটছে, তার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারিনি। এটি দুঃখজনক ও ভীতিকর।'

তবে ভেলা ও তার পরিবার নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন সাইয়োয়া। একসময় ‘বয় ওন্ডার’ নামে পরিচিতি পাওয়া ভেলা আর্সেনাল, রিয়াল সোসিয়েদাদ এবং এমএলএসে সাফল্যের সঙ্গে খেলেছেন। মেক্সিকোর হয়ে ২০০৫ সালে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ জয় এবং কনক্যাকাফ গোল্ড কাপ জয় তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জন।

এনডব্লিউএসএল-এর অ্যাঞ্জেল সিটির ডিফেন্ডার এবং নিউজিল্যান্ড জাতীয় দলের অধিনায়ক আলি রাইলির বাড়িও পুড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে রাইলি লিখেছেন, 'এখানে আমাদের ঘর ছিল। এটা কীভাবে সম্ভব!'

দাবানলের শিকার হয়েছেন এনবিএ দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের কোচ জেজে রেডিকও। তার বাড়ি পুড়ে গেলেও পরিবার নিরাপদে আছেন।

সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত ১০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। পুড়ে গেছে হাজারখানেক স্থাপনা। মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

লস অ্যাঞ্জেলেসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন খেলার ম্যাচ স্থগিত করা হয়েছে। শহরজুড়ে ছড়িয়ে পড়া আগুনে আতঙ্কে দিন কাটাচ্ছেন সবাই।