ভ্যাট ও কর আরোপ সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছে না। তাদের প্রতি জনগণের বিরাট আস্থার মর্যাদাও তারা রাখতে পারছে না। কাজের অগ্রাধিকার ঠিক করতে না পারায় সরকারের মধ্যে নানা দ্বিধা-দ্বন্দ্ব দেখা যাচ্ছে। মাঝে মধ্যে ননইস্যুকে তারা বড় ইস্যু করে তুলছেন।

তিনি সরকারকে উচ্চাভিলাষী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনকেই প্রধান কর্তব্য হিসাবে নির্ধারণের আহ্বান জানান। 

আজ শক্রবার বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুরের বাঁশমহলে পার্টির প্রয়াত কেন্দ্রীয় নেতা মোখলেছুর রহমানের শোকসভায় তিনি এসব কথা বলেন।

তিনি এনবিআর কর্তৃক অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। বলেন, এটা ' মড়ার উপর খাঁড়ার ঘা। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা। তখন এই পদক্ষেপ জনদুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। তিনি সরকারের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারে না। তিনি আইএমএফ'র পরামর্শে নেওয়া এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি পার্টির প্রয়াত কেন্দ্রীয় নেতা কমরেড মোখলেছুর রহমানের সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বলেন, ভাটি অঞ্চলের এই বিপ্লবী নেতা সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। রাজনীতি যখন অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যম তখন তিনি নিজের সবকিছু উজাড় করে মেহনতি মানুষের অধিকার আর মুক্তির লক্ষ্যে কাজ করেছেন।

অন্যান্য বক্তারা কমরেড মোখলেছুর রহমানের হার না মানা বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

পার্টির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম শাহজাহান, খলিলুর রহমান, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট ফায়েজুর রহমান মনির, ইমরান হোসেন এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।