দুবাইয়ে তালেবান পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠকের পর আফগানিস্তান সরকারের পক্ষ থেকে এ কথা বলা হয়। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ভারতকে ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার’ হিসেবেই দেখে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকের পর আফগান তালেবান সরকারের পক্ষ থেকে এমন কথা বলা হলো।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর গত বুধবার কাবুল ও দিল্লির মধ্যে সবচেয়ে উচ্চপর্যায়ের ওই বৈঠক হয়। দুবাইয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৃহস্পতিবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসার নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে ইরানের চাবাহার বন্দর দিয়ে বাণিজ্য বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। ওদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে জড়িত হওয়া এবং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা ভাবছে ভারত।