জেনে নিন বছরের শুরুতেই আবেদনযোগ্য ৩টি স্কলারশিপ সম্পর্কে

২০২৫ সালের শুরুতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বেশ কিছু মর্যাদাপূর্ণ স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। এসব স্কলারশিপ শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তা-ই প্রদান করে না, বরং তাদের বৈশ্বিক অভিজ্ঞতা ও শিক্ষাগত উৎকর্ষ সাধনের পথও উন্মুক্ত করে। বছরের শুরুতেই আবেদনযোগ্য এরূপ ৩টি স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। 

১. ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপ হলো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে অধ্যয়নের জন্য পাড়ি জমান ইউরোপে। দুই বছর মেয়াদি এ বৃত্তিতে চার সেমিস্টারে ইউরোপের চারটি দেশে পড়ার সুযোগ মিলবে। প্রতিটি দেশ থেকেই আলাদা মাস্টার ডিগ্রির সার্টিফিকেট দেওয়া হয়। 

আবেদনের সময়—

আবেদনের সময় তিন রকম। যেমন:

*ক্যাপাসিটি বিল্ডিং ফর হায়ার এডুকেশন (সিবিএইচই) অ্যাকশনে আবেদনের শেষ সময় ৮ ফেব্রুয়ারি;

*ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (ইএমজেএম) অ্যাকশনে আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি;

*ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) অ্যাকশনে আবেদনের শেষ সময় ২০ ফেব্রুয়ারি;

সুযোগ-সুবিধা—

*শতভাগ টিউশন ফি ওয়েভার;

*মাসে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো উপবৃত্তি দেবে ২ বছর;  

*যাতায়াত ভাতা প্রদান করবে; 

*সেমিস্টার শেষে এক দেশ থেকে অন্যত্র যাওয়ার জন্য আন্তর্জাতিক বিমানের টিকেট;

এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক স্কলারশিপ প্রোগ্রাম, সুতরাং আবেদনকারীদের ভালো একাডেমিক রেকর্ড, ভাষাদক্ষতা ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।

২. ইন্দোনেশিয়ার কেএনবি স্কলারশিপ

ইন্দোনেশিয়ান সরকারের অন্যতম মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ হচ্ছে ‘বিয়াসিসওয়া কেমিত্রান নেগারা বার্কেমবাং (কেএনবি)’ স্কলারশিপ। দেশটির ৩১টি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই স্কলারশিপ নিয়ে ১ হাজার ৪৭৫টি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামে পড়াশোনা করা যায়।

আবেদনের সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি;

সুযোগ-সুবিধা—

*প্রতি মাসে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে;

*সব ধরনের বই ও অন্যান্য শিক্ষাসামগ্রীর জন্য একটি নির্দিষ্ট অর্থ প্রদান করে;

*বিমান খরচসহ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত খরচ প্রদান করবে;

*ডরমিটরিতে থাকার সুবিধা দেবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

আবেদনের যোগ্যতা—

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে;

*স্নাতকের জন্য সর্বোচ্চ ২১ বয়স, স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৩৫ এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে; 

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (টোয়েফল আইটিপি ৪৭৭, টোয়েফল আইবিটি ৫৩, আইইএলটিএস ৫ দশমিক ৫, টোয়িক ৫১০ স্কোর অর্জন করতে হবে);

*ইন্দোনেশিয়ান দূতাবাস বা ইন্দোনেশিয়ান কনস্যুলেট জেনারেল থেকে কেএনবি স্কলারশিপের জন্য আবেদন করতে সুপারিশপত্র প্রদান করতে হবে;

৩. ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) স্কলারশিপ

বিশ্বের অন্যতম বৃহত্তম একটি স্কলারশিপ হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ। বৃত্তিমূলক শিক্ষার জন্য সর্বাধিক অর্থায়নের একটি স্কলারশিপ এটি। এ স্কলারশিপের জন্য আবেদন করতে কোনো ফি লাগে না। সদস্যরাষ্ট্রের শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণায় উচ্চপ্রযুক্তির জন্য মেধাবৃত্তি কর্মসূচি (এমএসপি) ও আইডিবি-আইএসএফডি কর্তৃক স্নাতক ডিগ্রি, কারিগরি ও কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণে এ স্কলারশিপ প্রদান করা হয়।

আবেদনের সময়: জানুয়ারি-এপ্রিল;

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেয়;

*মাসিক উপবৃত্তি প্রদান করে;

*স্বাস্থ্য ভাতা প্রদান করে;

*বিমানে যাতায়াতের খরচ প্রদান করে;

*থিসিস ভাতা প্রদান করে;

আবেদনের যোগ্যতা—

*আইএসডিবি সদস্যদেশের নাগরিক হতে হবে বা অ-সদস্য দেশগুলোর মুসলিম সম্প্রদায়ের হতে 
  হবে;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে;

*মেডিকেল টেস্টে ফিট থাকতে হবে;