মাসুদা ভাট্টির বিরুদ্ধে ‘অসদাচরণ’ তদন্তের প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে

সাংবাদিক মাসুদা ভাট্টির বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগের তদন্ত শেষ করেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে তিন সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত প্রতিবেদনটি গত সপ্তাহে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছে। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মুয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুয়াজ্জেম হোসেন জানান, সাংবাদিক মাসুদা ভাট্টি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হন। কিন্তু গত বছর ৫ আগস্ট থেকে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই তিনি কর্মক্ষেত্রে অনুপস্থিত, যা অসদাচরণ হিসেবে বিবেচিত। তিনি আরও বলেন, ‘মাসুদা ভাট্টির বিষয়ে এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কার্যালয় থেকে রেফারেন্স পাঠানোর পর মাসুদা ভাট্টির বিষয়ে তদন্ত শুরু করে জুডিশিয়াল কাউন্সিল।’

কাউন্সিলের অন্য সদস্যরা হলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।