ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঠে নামা মানেই যেন গোল। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দাপট দেখিয়েই যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। বৃহস্পতিবার রাতে বছরের প্রথম ম্যাচ খেলতে নেমে আল-ওখদুদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছেন। তাতে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪ বছর পেশাদার ফুটবলে গোল করার কীর্তি গড়লেন রোনালদো। ম্যাচটি আল-নাসর জিতেছে ৩-১ ব্যবধানে। সাদিও মানে করেন জোড়া গোল।
২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে প্রথম গোলটি করেছিলেন রোনালদো। এর পর থেকে প্রতি বছরই গোলের খাতায় নাম লিখিয়েছেন। এ বছরের কোটা পূরণের আনন্দে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘বছর শুরু করার সেরা উপায়।’ লিগে টানা চার ম্যাচে গোল করলেন সিআরসেভেন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে রোনালদোর মোট গোল হলো ৯১৭টি।
রিয়াদের আল-আওয়াল পার্কে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল আল নাসর। ষষ্ঠ মিনিটে স্যাভিয়ের গাডউইনের গোলে এগিয়ে যায় ওখদুদ। ২৯ মিনিটে সমতায় ফেরে আল নাসর। সমতা টানেন সাদিও মানে। ৪২ মিনিটে দলের দ্বিতীয় গোলেও জড়িয়ে মানের নাম। প্রতিপক্ষের বক্সে মানে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন রোনালদো। চলতি মৌসুমে লিগে ১১ গোল হলো রোনালদো। শীর্ষে থাকা আল হিলালের মিত্রোভিচের একটি গোল বেশি। প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় নাসর। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান মানে। এবারের লিগে ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের এটি পঞ্চম গোল।
পেশাদার ফুটবলে রেকর্ডের প্রসঙ্গ এলে রোনালদোর সঙ্গে চলে আসে মেসির নাম। টানা ২৪ বছর গোল করা প্রথম খেলোয়াড় রোনালদো, মেসি কি রোনালদোর এই রেকর্ড ভাঙতে পারবেন এমন প্রশ্ন আসতে পারে পাঠকের মনে। রোনালদোর টানা ২৪ বছর ধরে গোল করার রেকর্ডটি মেসির ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে। মেসি পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল করেন ২০০৫ সালের মে মাসে। রোনালদোর টানা ২৪ বছর গোলের রেকর্ড স্পর্শ করতে হলে মেসিকে ২০২৮ সাল পর্যন্ত গোল করতে হবে। তখন মেসির বয়স হবে ৪১ বছর। মেসি ২০২৮ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন কি না সেটি এখনই বলা যাচ্ছে না। আবার রোনালদো যদি ২০২৬ সালেও পেশাদার ফুটবল খেলেন এবং গোল করেন তখন সিআরসেভেন টানা ২৫ বছর গোল করার কীর্তি গড়বেন।