২০২২’র স্মৃতি তাড়া করে জকোভিচকে

অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে টেনিস কোর্টে বছরে চার মহাযজ্ঞের প্রথমটি শুরু হচ্ছে কাল থেকে। ২০২৫ সালের প্রথম গ্র্যান্ড সø্যামে বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে থেকেই কোর্টে নামবেন ইয়ানিক সিনার ও আরিনা সাবালেঙ্কা। দেশটির মেলবোর্ন পার্কে আগামী দুই সপ্তাহ জুড়ে চলবে বিশ্ব টেনিসের এই মহাআসর।

এবারের আসরে পুরুষদের এককে ইতালির সিনারকে টেক্কা দিতে প্রস্তুত আছেন কার্লোস আলকারাজ এবং আলেকজান্ডার ভেরেভের মতো তারকারা। তবে সব ছাপিয়ে টেনিসপ্রেমীদের দৃষ্টি থাকবে মহাতারকা নোভাক জকোভিচের দিকে। বড় আসরে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিজ্ঞতাসম্পন্ন জকোভিচ এখনো অপ্রতিরোধ্য। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২৫তম গ্র্যান্ড সø্যাম জয়ই হবে ১০বার অস্ট্রেলিয়ান ওপেন জেতা জকোভিচের মূল চ্যালেঞ্জ। ২০২২ আসরের আগে মেলবোর্নের এক হোটেলে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তার খাবারে বিষ মেশানো হয়েছিল বলে বিস্ফোরক মন্তব্য করেও আলোচনার জন্ম দিয়েছেন সার্বিয়ান এ মহাতারকা। জকোভিচের ভাষায়, ‘সেই সময় আমার কিছু শারীরিক সমস্যা হয়েছিল। বুঝতে পারি মেলবোর্নে যে হোটেলে আমাকে রাখা হয়েছিল, সেখানে আমার খাবারে বিষ মেশানো হয়। একমাত্র সেই কারণে আমার শরীর খারাপ হয়েছিল।’

জকোভিচ জানান, সেই সময় তার প্রচণ্ড জ্বর হয়েছিল। সার্বিয়ায় ফিরে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তার শরীরে উচ্চমাত্রার সীসা এবং পারদ পাওয়া যায়। জকোভিচকে প্রশ্ন করা হয়, খাবারে বিষপ্রয়োগের কথা তিনি বিশ্বাস করেন কি না? জকোভিচের জবাব, ‘এটাই একমাত্র পথ।’ করোনা টিকা না নেওয়ায় সে বছর অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি জকোভিচ। ‘সেই ঘটনার পর থেকে যতবার অস্ট্রেলিয়ায় এসেছি এবং আমার পাসপোর্ট পরীক্ষা করা হয়েছে, ততবার ২০২২ সালের স্মৃতি ফিরে এসেছে।’