আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রথমবার অবসর নিয়েছিলেন সেই ২০২৩ সালের জুলাইয়ে। এরপর তামিমকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছিলেন দেশি-বিদেশি অনেক তারকা ক্রিকেটার। এরপর তৎকালীন প্রধনমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তামিম অবসর ভাঙেন। কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে দীর্ঘ দেড় বছর নাটক করে গতকাল শুক্রবার রাতে পাকাপাকিভাবে অবসর ঘোষণা করেন তামিম।
এর কিছুক্ষণ পর তার বন্ধু ও দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম ফেসুবকে লিখেন, ‘তামিম, তোর অবসরের পর আমি বলতে চাই যে, তোর সমস্ত অর্জন নিয়ে আমি কতটা গর্বিত। দোস্ত, তুই বাংলাদেশ ক্রিকেটের একজন অসাধারণ দূত, বিশ্বমানের ব্যাটসম্যান। দুবাইয়ে আমাদের সেই পার্টনারশিপটা (এশিয়া কাপে) আমি সারাজীবন মনে রাখব। বিশেষ করে তুই যখন ভাঙা আঙুল নিয়ে ব্যাট করছিলি। এটি দেশের প্রতি নিজেকে উজার করে দেওয়া এবং খেলাটির প্রতি তোর আবেগর বহিঃপ্রকাশ। অবসর শুভ হোক দোস্ত। মাঠে তোকে মিস করব। ক্রিকেটের মাধ্যমে তোর মতো একজন অসাধারণ বন্ধু পেয়ে আমি কৃতজ্ঞ।’
এদিকে মাহমুদউল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তামিম, দীর্ঘ ও চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ারে বিস্ময়কর সব অর্জনের জন্য তোকে অনেক অভিনন্দন। তুই অনেক কিছু অর্জন করেছিস এবং বাংলাদেশ দলের জন্য তোর অনেক অবদান। বাংলাদেশ দলের হয়ে আমরা শেষবারের মতো একসঙ্গে ব্যাটিং করে ফেলেছি। তোর সঙ্গে খেলাটা খুব আনন্দের ছিল। মাঠ ও মাঠের বাইরে আমরা অনেককিছু শেয়ার করেছি। আমি তোর সুখী অবসর কামনা করি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তোকে সবসময় মনে থাকবে।’
সৌম্য সরকার লিখেছেন, ‘নতুন শুরু ও সারাজীবন মনে রাখার মতো স্মৃতির জন্যও শুভেচ্ছা। অবসর মানে কোনো সমাপ্তি নয়। নতুন এক অধ্যায়ের সূচনা মাত্র। সামনের সময়টা উপভোগ করুন। অবসরের জন্য শুভকামনা ভাই। মাঠে আপনাকে মিস করব।’