আইসিসি ক্রিকেট কমিটির সদস্য এবং দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি শন পোলক জানিয়েছেন, ব্যাটসম্যানদের শেষ মুহূর্তের নড়াচড়ার কারণে বোলারদের বঞ্চনা ঠেকাতে ওয়াইডের নিয়ম শিথিল করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বর্তমান নিয়ম অনুযায়ী, বল ছাড়ার সময় ব্যাটসম্যানের অবস্থানের ওপর ভিত্তি করেই ওয়াইড ডাকা হয়। কিন্তু শেন পোলকের মতে, এই নিয়ম বোলারদের জন্য অন্যায়।
পিটিআইকে পোলক বলেন, 'একজন বোলার যখন দৌড় শুরু করে, তখন তার জানা দরকার বল কোথায় রাখতে হবে। কিন্তু ব্যাটসম্যান যদি শেষ মুহূর্তে ক্রিজে নড়াচড়া করে, তাহলে সেই হিসাব পাল্টে যায়। এ ধরনের পরিস্থিতিতে বোলারদের কিছুটা ছাড় দেওয়া উচিত।'
তিনি আরও বলেন, 'আমরা আইসিসি ক্রিকেট কমিটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। বর্তমান নিয়ম বোলারদের জন্য খুব কঠিন। ব্যাটসম্যানের শেষ মুহূর্তের পরিবর্তন অনুযায়ী ওয়াইড ডাকার নিয়মে কিছুটা শিথিলতা আনা উচিত।'
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পোলক বলেন, দক্ষিণ আফ্রিকা তাদের অভিজ্ঞ আইপিএল তারকাদের সুবাদে উপমহাদেশের কন্ডিশনে ভালো করার সুযোগ পাবে। “ডি কক, মিলার, ক্লাসেনের মতো খেলোয়াড়রা ভারতীয় কন্ডিশনে খেলার দারুণ অভিজ্ঞতা অর্জন করেছে। এটি দক্ষিণ আফ্রিকার জন্য বড় সুবিধা।'
ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা বাড়লেও, পোলকের মতে আন্তর্জাতিক ক্রিকেটের অগ্রাধিকার থাকা উচিত। তবে তিনি বুঝতে পারেন, খেলোয়াড়দের অর্থ আয়ের সুযোগ তাদের জীবনে গুরুত্বপূর্ণ।
'আমি চাই, তারা যতটা সম্ভব জাতীয় দলে খেলুক। তবে এটা জীবনের একটা সময় যখন তারা অর্থ উপার্জনের সুযোগ পায়। তাদের দোষ দেওয়া ঠিক নয়,' পোলক বলেন।
বোলারদের জন্য এই নতুন প্রস্তাব নিয়ে শেন পোলকের বক্তব্য ক্রিকেট মহলে নতুন আলোচনা তৈরি করেছে। নিয়মে পরিবর্তন আসলে তা ক্রিকেটে আরও ভারসাম্য আনার পথ খুলে দিতে পারে।