পাকিস্তানে ফিরতে পেরে খুশি মালালা ইউসুফজাই

আন্তর্জাতিক গার্লস এডুকেশন ইন মুসলিম কমিউনিটিস সম্মেলনে যোগ দিতে শনিবার (১১ জানুয়ারি) পাকিস্তানে পৌঁছেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। এদিন মা-বাবার সঙ্গে ইসলামাবাদের কনফারেন্সে হাজির হয়ে মালালা বলেন, পাকিস্তানে ফিরতে পেরে আমি সত্যি সম্মানিত, অভিভূত ও আনন্দিত।

রবিবার সম্মেলনে মালালার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, আফগানিস্তানে নারী শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিতে চান মালালা। আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েশিশু ও নারীদের বিদ্যালয়-বিশ্ববিদ্যালয়ে যেতে দেওয়া হয় না। মেয়েদের জন্য সেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে।

ইসলামিক বিশ্বে নারীদের শিক্ষা নিয়ে দুই দিনব্যাপী ওই সম্মেলনে যোগ দিতে মুসলমান-অধ্যুষিত দেশগুলোর প্রতিনিধিরা পাকিস্তানে এসেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার সকালে সম্মেলনে ভাষণ দেন।

সম্মেলনে যাওয়ার আগে শুক্রবার এক্সে এক পোস্টে মালালা লেখেন, ‘আমি মেয়েদের স্কুলে যাওয়ার অধিকারের সুরক্ষা নিয়ে কথা বলব এবং আফগান নারী ও মেয়েদের বিরুদ্ধে অপরাধের জন্য তালিবান নেতাদের কীভাবে জবাবদিহির আওতায় আনা যায় সে বিষয়েও কথা বলব।’

পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল সিদ্দিকি বলেছেন, তারা আফগান প্রশাসনকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তারা কোনো জবাব দেয়নি।

২০১২ সালে স্কুলে পড়ার সময় পাকিস্তানের তালিবান জঙ্গিরা মালালাকে গুলি করেছিলেন। গুরুতর আহতাবস্থায় চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মালালা নারীদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন। যদিও প্রাণনাশের ঝুঁকি থাকায় ২০১২ সালের পর তিনি হাতেগোনা দু-একবার পাকিস্তানে গেছেন।