ফুটবল তারকাদের মধ্যে ক্লাবের মালিকানা কেনার প্রবণতা ক্রমেই বাড়ছে। কিলিয়ান এমবাপ্পে সম্প্রতি ফরাসি ক্লাব এসএম কোঁ-এর মালিক হয়েছেন, আর এবার তার রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রও নাম লেখাতে যাচ্ছেন একই পথে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুস পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব এফসি আলভারকা কেনার প্রতি আগ্রহী। ক্লাবটির বর্তমান প্রধান শেয়ারহোল্ডার রিকার্ডো ভিসিনটিন মালিকানা বিক্রি করতে চান, যার দাম ধরা হয়েছে প্রায় ১০ মিলিয়ন ইউরো।
রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস বর্তমানে মাঠের বাইরে ফুটবলের নানা কার্যক্রমে জড়িত। এফসি আলভারকার মালিকানা তার সাম্প্রতিক উদ্যোগের একটি হতে পারে। তবে এখন পর্যন্ত এটি শুধুই আগ্রহের পর্যায়ে রয়েছে।
যদিও ক্লাব কেনার বিষয়ে তার পরিকল্পনা শিরোনামে এসেছে। তবে ভিনিসিয়ুস এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে নিজের খেলার উপর। পরবর্তী কয়েক মাসে তিনি এফসি আলভারকার মালিকানার দিকে এগোলে সেটি ফুটবল বিশ্বে আলোচনার নতুন মঞ্চ তৈরি করবে।
ভিনিসিয়ুসের এই উদ্যোগ কেবল তার খেলোয়াড়ি দক্ষতাই নয়, বরং ব্যবসায়িক চিন্তার প্রতিফলনও তুলে ধরছে। ফুটবল তারকাদের মালিকানা ক্রয় কি ভবিষ্যতের একটি নতুন ধারায় পরিণত হতে যাচ্ছে? সেটাই এখন দেখার বিষয়।