কুমিল্লায় বিদেশি পিস্তলসহ শাহ নেওয়াজ নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১। শনিবার (১১ জানুয়ারি) ভোর রাতে চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাহ নেওয়াজ কক্সবাজারের টেকনাফ থানার গাজীপাড়া গ্রামের আব্দুল আমিনের ছেলে।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান।
বিজ্ঞপ্তিতে মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের চান্দুল এলাকায় অভিযান পরিচালনা করে শাহ নেওয়াজ (২৫) নামক এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার শাহ নেওয়াজ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একটি হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার-উজ জামান বলেন, গ্রেপ্তার শাহ নেওয়াজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।