আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দল পাঠানোর শেষ সময় আগামীকাল, ১২ জানুয়ারি। দল গঠনের প্রক্রিয়া এক নতুন নাটকীয় মোড় নিয়েছে তামিম ইকবালের আকস্মিক অবসর আর সাকিব আল হাসানের অনিশ্চয়তায়। এমন পরিস্থিতিতে ১৫ সদস্যের তালিকায় শেষ নামটি কার হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পছন্দের তালিকায় ছিলেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনারকে নিয়ে পরিকল্পনা সাজালেও তার অবসর সেই অধ্যায়ের সমাপ্তি টেনেছে। অন্যদিকে সাকিব আল হাসান, যাকে নিয়ে আশায় বুক বাঁধছিলেন বোর্ড এবং অধিনায়ক, তিনিও দল থেকে ছিটকে যাওয়ার পথে। বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল হাতে এলেও রাজনৈতিক জটিলতায় তাকে দলে রাখা হবে কি না, তা নিয়ে রয়েছে গভীর সংশয়।
সাকিব চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকছেন না—এটি নিশ্চিত করেছে বিসিবির একাধিক সূত্র। তার বোলিং অ্যাকশন দুবার পরীক্ষায় অবৈধ প্রমাণিত হয়েছে, সর্বশেষ ২১ ডিসেম্বর চেন্নাইয়ে। তৃতীয় পরীক্ষা দিয়েছিলেন ইংল্যান্ডে। সেই পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। সেখানেও তিনি অকৃতকার্য, অর্থাৎ আগামী এক বছর তিনি বোলিং অ্যাকশন বৈধ করার পরীক্ষাই দিতে পারবেন না। আইসিসির ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। বোর্ড মনে করে, শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে দলে রাখা উপযুক্ত নয়।
সেপ্টেম্বরে সমারসেটের বিপক্ষে ইংলিশ কাউন্টিতে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথম প্রশ্ন ওঠে। এরপর দুইবার পরীক্ষায় অকৃতকার্য হন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে অ্যাকশনের বৈধতা পেলে তাকে দলে যুক্ত করার সুযোগ রয়েছে। তবে আপাতত নির্বাচকরা নিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে।
দেশের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব-তামিমের ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে যাওয়ায় এবার দলে ভরসা রাখা হয়েছে তরুণদের সঙ্গে অভিজ্ঞদের মিশেলে। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ১৫ জনের স্কোয়াডে ১৪ ক্রিকেটারের নাম চূড়ান্ত। শেষ নামটি নিয়ে যত সংশয় নির্বাচকের মধ্যে। কাকে রেখে কাকে বাদ দেবেন এ নিয়ে দোটানায় ভুগছেন গাজী আশরাফ হোসেন লিপুরা।
সূত্র জানিয়েছে, চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লিটন দাস, রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং নাহিদ রানা। কিন্তু ১৫ নম্বর জায়গাটি এখনো ঝুলে আছে।
এই তালিকায় আছেন তিনজন- শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। মোস্তাফিজুর রহমান যদি দলে থাকেন, তাহলে বাঁহাতি পেসার শরিফুলের জায়গা পাওয়া কঠিন। তবে তানজিম সাকিব এবং হাসান মাহমুদের মধ্যে চূড়ান্ত নির্বাচনের সিদ্ধান্ত হয়ে উঠেছে সবচেয়ে চ্যালেঞ্জিং। তানজিমের সাম্প্রতিক পারফরম্যান্স উজ্জ্বল। অন্যদিকে, হাসান মাহমুদ তার গতির ধার আর লাইন-লেংথ দিয়ে সমীহ আদায় করেছেন। রবিবার চূড়ান্ত ঘোষণা আসার পর বোঝা যাবে, এই জটিল ধাঁধার সমাধান কীভাবে করেছেন নির্বাচকরা।