চুরি করা গরু দিয়ে ভুরিভোজ, বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি

জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে ভুড়িভোজের অভিযোগে মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা নামে এক বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযুক্ত মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

অব্যাহতিপত্রে বলা হয়, দলীয় ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে জেলা বিএনপির সম্মতিক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

একই সঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, এই মর্মে ৭ দিনের মধ্যে উপজেলা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন, ‘মহিলা দলের একটি প্রোগ্রাম ছিল। সেই উপলক্ষে কসাইয়ের কাছ থেকে মাংস কিনেছি। কসাই গরুটা আমার বাড়িতে জবাই করেছে। আমি গরু কিনিনি, মাংস কিনেছি। সে কোথা থেকে নিয়ে এসেছে সেটা আমি জানি না। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।’

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।