মেসিকে ইউরোপে খেলার অনুমতি দিচ্ছে মায়ামি

লিওনেল মেসি কি আবারও ইউরোপিয়ান ফুটবলে ফিরছেন? যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এসবি নেশন দাবি করেছে, এ বছরের শেষ দিকে এমন কিছু ঘটতে পারে। তবে এটি সরল কোনো সিদ্ধান্ত নয়।

২০২৩ সালের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে ইন্টার মায়ামির হয়ে আলো ছড়ানো মেসি এখনো কোনো নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি। তবে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি মেসির জন্য বিশেষ এক চুক্তির প্রস্তাব প্রস্তুত করেছে, যেখানে ২০২৫ সালের এমএলএস মৌসুম শেষ হওয়ার পর ইউরোপে ধারে খেলার সুযোগ থাকবে।

মূলত ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে মেসির শারীরিক প্রস্তুতিকে আরও শক্তিশালী করতেই এমন উদ্যোগ।   এমএলএস নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি লিগে দুই বছর পার করে ফেলে, তবে ক্লাব তাকে ধারে পাঠানোর অনুমতি দিতে পারে। ইন্টার মায়ামি সেই নিয়মের আওতায় মেসির জন্য এ বিশেষ সুযোগটি তৈরি করতে যাচ্ছে। 

এ ধরনের ঘটনা এমএলএসে নতুন নয়। এর আগে ফরাসি তারকা থিয়েরি অঁরি নিউইয়র্ক রেড বুলসের হয়ে খেলাকালে ধারে আর্সেনালে খেলেছিলেন। ডেভিড বেকহাম এবং ইব্রাহিমোভিচও এলএ গ্যালাক্সির হয়ে খেলার সময় স্বল্প মেয়াদে যোগ দিয়েছিলেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। 

৩৭ বছর বয়সী আর্জেন্টাইন তারকা মেসি এখনো ইন্টার মায়ামির সঙ্গে প্রস্তাবিত নতুন চুক্তি স্বাক্ষর করেননি। তবে চুক্তি স্বাক্ষর হলে মেসির ইউরোপে ধারে ফিরে যাওয়ার বিষয়টি নতুন উত্তেজনা যোগ করবে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এটি হতে পারে তার জন্য গুরুত্বপূর্ণ এক প্রস্তুতি। এখন দেখার বিষয়, মেসি এই চুক্তিতে সায় দেন কি না এবং ইউরোপের কোন ক্লাবে তার প্রত্যাবর্তন ঘটে।