মিয়ানমারের সামরিক সরকারের এক বিমান হামলায় দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের এক গ্রামে বহু মানুষ নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। বাংলাদেশের প্রতিবেশী দেশটির গৃহযুদ্ধ চতুর্থ বছরের কাছাকাছি আছে, এ সময়টিতেই হামলাটি চালানো হলো। দেশটির বেসামরিক ছায়া সরকার ও রাখাইন ভিত্তিক জাতিগোষ্ঠীর মিলিশিয়া বাহিনী আরাকান আর্মিও (এএ) সরকারি বাহিনীর এই বিমান হামলার কথা জানিয়েছিল। গত শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, জান্তা বুধবার বিকালে ইয়ানবাই শহর সংলগ্ন কিয়াউক নি মাও গ্রামে বিমান হামলা চালিয়ে প্রায় ৫০০ বাড়ি ধ্বংস ও ৪০ জনের বেশি মানুষকে হত্যা করে। মিয়ানমারের বিরোধীদলগুলোর জাতীয় ঐক্য সরকারও প্রায় একই তথ্য জানিয়েছে বলে খবর রয়টার্সের। তবে রয়টার্স স্বতন্ত্রভাবে এসব প্রতিবেদন যাচাই করতে পারেনি। এ বিষয়ে মন্তব্য জানার জন্য রয়টার্স মিয়ানমারের সামরিক বাহিনীর এক মুখপাত্রকে ফোন দিলেও তিনি উত্তর দেননি। মিয়ানমারের সামরিক জান্তা তাদের বিরুদ্ধে আনা নৃশংসতার অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, তারা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই করছে।