অবশেষে উন্মোচিত হলো সিনেমার পোস্টার। নিজের সিনেমার পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে ‘বিলডাকিনি’র মুক্তি যাত্রা শুরু করলেন মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন।
সম্প্রতি চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে নির্মাতা ও কলাকুশলীরা যান এমন একটি স্থানে, যেখানে চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছিল। অর্থাৎ শুটিং স্পটে দাঁড়িয়েই পোস্টার উন্মোচন করেন সবাই। ঘোষণা করলেন মুক্তি যাত্রা। এ সময় জানানো হয় ছবিটি আগামী ২৪ জানুয়ারি দেশের সব সিনেপ্লেক্সসহ আরও কিছু হলে মুক্তি পেতে যাচ্ছে।
পোস্টারে চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমের পাশাপাশি দেখা গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্রকে। এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের বড় পর্দায় অভিষিক্তহন পার্নো।
পোস্টার উন্মোচনের পাশাপাশি কেক কেটে ছবিটির মুক্তি যাত্রা উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা ফজলুল কবীর তুহিন, প্রযোজক মমিন খান, মোশাররফ করিম, অভিনেতা শেখ মাহবুব, উজ্জল মাহমুদ প্রমুখ।
পোস্টার উন্মোচন পর্বে মোশাররফ করিম বলেন, ‘ছবিটি আমার একটি প্রিয় ছবি। তার প্রধান কারণ হচ্ছে, এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। সমস্যা থেকে উত্তরণের কথা বলে। মানুষের অমানুষ হয়ে ওঠার কথা বলে এবং অমানুষকে মানুষ করার কথা বলে। আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই ছবিটি সবাই দেখুক। আমাকে আপনারা পছন্দ করেন বলেই মনে করি। এই সিনেমাটা আপনারা দেখবেন সে প্রত্যাশা করি একটাই কারণ সেটা হচ্ছে, এটা আমাদের গল্প, আমাদের সিনেমা।’
‘আপনারা সবসময় আমাদের কাজগুলো ভালোবেসে এসেছেন বলেই আমরা কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। আমরা দেশের কথা বলতে চাই, সমাজের কথা বলতে চাই। আমাদের সেই বলতে চাওয়ার পেছনের কারণটা আপনারা। কামনা করছি এবারও আপনারা আপনাদের ভূমিকাটা রাখবেন সিনেমা নির্মাণের ক্ষেত্রে।’যোগ করেন মোশাররফ করিম।
বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা।
সরকারি অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ ছবিটির চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক প্রমুখ।