এবার বানসালি-আল্লু জুটি!

সিনেমার প্রদর্শনীতে নারী ভক্তের মৃত্যুতে আইনি জটিলতা, বিতর্ক, রাজনৈতিকমহলের কটাক্ষÑ এমন যাবতীয় ঝামেলার মধ্যেই সুখবর। ভাগ্যোদয় ‘পুষ্পা’র।

সূত্রের খবর, এবার সঞ্জয় লীলা বানসালির সিনেমায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও এগিয়েছে। বানসালির বিগ বাজেট ক্যানভাসে আল্লু অর্জুনের দাপট দেখতে যে মন্দ লাগবে না, তা বলাই বাহুল্য। গত বৃহস্পতিবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় আল্লু অর্জুনকে। তবে পুষ্পার মুম্বাইতে আগমনের কারণ তখনো জানা যায়নি! পরে বিকেলে বানসালির অফিস থেকে বের হতে দেখেই দুয়ে দুয়ে চার করা যায়।

পরিচালকের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টারকে। তবে সেটা রণবীর-আলিয়া, ভিকি কৌশলের ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেই কি না, সেটা জানা যায়নি।

তবে বানসালির অফিসের সামনে আল্লু অর্জুনকে দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত। এখন থেকেই বলিউডের পর্দায় ‘পুষ্পা’র হাইভোল্টেজ পারফরম্যান্স দেখার অপেক্ষায় তারা। সঞ্জয় লীলা বানসালির কোন সিনেমায় দেখা যাবে আল্লুকে? ক্রমশ প্রকাশ্য।