ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন: ক্রেমলিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার আগ্রহকে স্বাগত জানিয়েছে রাশিয়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

ক্রেমলিন মুখপাত্র বলেন, ট্রাম্পের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের পর বৈঠক আয়োজনের বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। তবে নির্দিষ্ট দিন, তারিখের বিষয়ে কিছু জানাননি তিনি। ট্রাম্প বলেছেন, দ্রুতই ইউক্রেন যুদ্ধের অবসান হওয়া দরকার। এ বিষয়ে প্রেসিডেন্ট পুতিন আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন, আর সেটা প্রকাশ্যেই।

পেসকভ বলেছেন, আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ট্রাম্প নিজেও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন। তার এই আগ্রহকে স্বাগত জানায় মস্কো। তবে বৈঠকের বিষয়ে এখনও বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র। ওভাল অফিসের চেয়ারে ট্রাম্প বসার পর এ বিষয়ে কিছু অগ্রগতি দেখা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এদিকে হোয়াইট হাউজে ট্রাম্পের অপ্রত্যাশিত প্রত্যাবর্তনে ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখছেন অনেকে। তবে সে সম্ভাবনায় ভরসা পাচ্ছে না ইউক্রেন। কিয়েভ আশঙ্কা করছে, তড়িঘড়ি করে শান্তি চুক্তি সম্পাদিত হলে ইউক্রেন চড়া মূল্য ভোগ করবে।