‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ আমন্ত্রণ তারেক রহমানকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আসছে ফেব্রুয়ারিতে হতে যাওয়া ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।  মার্কিন কংগ্রেসের নেতৃত্বে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন। আগামী ৫-৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হবে এ আয়োজন। এতে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধি বেন ক্লাইন, জ্যাক ওয়ানিপ, টম সুজি ও জেমস স্ল্যাটারির সই করা এক চিঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের তিন নেতাকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি মহাসচিবের কাছে চিঠিটি পাঠানো হয়েছে। এ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া অন্য দুজন হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

১০০টিরও বেশি দেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার অতিথি এ অনুষ্ঠানে যোগ দেবেন। ১৯৫৩ সাল থেকে হয়ে আসা এই আয়োজনে সভা, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা থাকে। আয়োজনটি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়।