বিএনপির সঙ্গে ১২-দলীয় জোটের নেতারা বৈঠকের পর জানিয়েছেন, দু-এক দিনের মধ্যে তারা নতুন কর্মসূচি দেবেন। গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, ‘দুই ঘণ্টাব্যাপী দেশের বিদ্যমান রাজনীতি নিয়ে আলোচনা করেছি। শিগগিরই দু-এক দিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করব। ৫ আগস্টের ক্ষমতার বিজয় বিপর্যস্ত হতে চলেছে। জুলাই-আগস্টের বিরোধীদলীয় ফ্যাসিবাদ ঐক্য কিছুটা হলেও হারিয়ে যেতে চলেছে। চির ধরেছে। আমরা এর সমাধান করতে চাই। সর্বদলীয়ভাবে আমরা জুলাই-আগস্টে যেভাবে আন্দোলন করেছি, একত্রে ছিলাম, যেভাবে কর্মসূচি দিয়েছি। সেভাবেই দু-এক দিনের মধ্যে ঘোষণা করব। দ্রব্যের দাম, নির্বাচন-সংক্রান্ত যে কুহেলিকা, ভিন্ন ভিন্ন কথাবার্তাÑ এসব বিষয় আমরা তুলে ধরব।’
কোন জায়গায় ঐক্যের ফাটল ধরেছে, এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘একটি বিষয় বললেই পরিষ্কার হয়ে যাবে। অনেক দিন আগে থেকে আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম। এর মূল কথা ছিল ফ্যাসিবাদের পতন। এর একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি জুলাই-আগস্টের আন্দোলনে। ১৬ বছরে বহু গুম-খুনের পর ৫ আগস্ট এক দফার একটি অর্জন হয়েছে। কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আগের অংশ বাকি আছে। পুনঃপ্রতিষ্ঠা হবে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার মধ্য দিয়ে। কিন্তু এর মধ্যে এই নির্বাচন ছাড়া আরও কিছু কথা আসছে। যেটা সংগতিপূর্ণ নয়। ৫ আগস্টের আগে যেভাবে আমরা কথা বলেছি, এক ভাষায়, এখন সেভাবেই আমরা চালিয়ে যেতে চাই।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ ১২-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।