এখন থেকে ফিটনেসবিহীন বাসের কারণে সড়কে দুর্ঘটনা ঘটলে তার দায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল শনিবার রাজধানীর বনানীর বিআরটিএর প্রধান কার্যালয়ে পরিদর্শন ও সড়ক নিরাপত্তা নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফাওজুল কবির খান বলেন, গত এক বছরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অনেক জায়গায় দুর্ঘটনার দায় ফিটনেসবিহীন যানবাহনের কারণে। এসব যানবাহন সড়কে কীভাবে চলে তার জবাব বিআরটিএকে দিতে হবে। ভবিষ্যতে ফিটনেসবিহীন কোনো যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটলে তার দায় বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, আমি বিআরটিএকে নির্দেশনা দিয়েছি, তারা যেন ফিটনেসবিহীন যানবাহন পুনঃপরীক্ষার জন্য মালিকদের নির্দিষ্ট সময়ের আগেই ফোন বা মেসেজ দেয়। এ মেসেজে লেখা থাকবে আপনার বাস ফের ফিটনেস পরীক্ষার সময় এসেছে। নির্দিষ্ট সময়ের আগে আপনি আপনার বাসের ফিটনেস পরীক্ষা করুন। এ সময়ের মধ্যে যদি কেউ ফিটনেস পরীক্ষা না করে তাহলে তার রুট পারমিট বাতিল করা হবে।