সারদায় কনস্টেবলদের স্থগিত হওয়া সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ১৬৭তম ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের ৩৩৪ জনকে পাসিং আউট দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঞা। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি বলেন, ‘নবীন পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্রে তাদের মেধা, মনন ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানব সেবায় নিজেদের নিয়োজিত করবে। মাদক, সন্ত্রাস বন্ধে আইনের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে ন্যায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন আপনারা জনগণের সেবক। তাই জনদরদী পুলিশি দায়িত্ব পালন করে জনবান্ধব পুলিশে নিজেদের রূপান্তরিত করবেন।’

এর আগে প্রধান অতিথি মাসুদুর রহমান ভূঞা প্রশিক্ষণে ৩৩৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী হিসেবে মো. সাজ্জাদুল ইসলাম, বেস্ট একাডেমিক হিসেবে সুমন আলী, বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ এবং বেস্ট শ্যুটার পৌরব চন্দ্র রায় নির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, সমাপণী কুচকাওয়াজে অংশগ্রহণকারী ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণার্থী কনস্টেবলদের প্রশিক্ষণ আজ থেকে ৩ মাস আগেই শেষ হয়েছে। তবে সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠান করা সম্ভব হয়নি। গত ১৯ ডিসেম্বর তাদের সমাপণী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়।