তুচ্ছ ঘটনায় মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ নয়াগাঁও এলাকায় বাবার দুই বন্ধুকে ছুরিকাঘাত করেছেন যুবক। রবিবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ছুরিকাহত শরীফ হোসেনকে (৩২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও মোবারক হাজারীকে (৪৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। উভয়ের বাড়ি নয়াগাঁও পূর্বপাড়া এলাকায়।
প্রত্যদর্শীরা জানান, নয়াগাঁও এলাকার শরীফ হোসেনের দোকানের সামনে মৃদুল দেওয়ান (২০) নামে এক যুবক নিত্যপণের ঊর্ধ্বগতি গতি নিয়ে কথা বলছিল। এতে মোবারক হাজারী ও মুদি দোকানী শরীফ মৃদুলকে এসব কথাবার্তা বলতে বারণ করে। এ নিয়ে মৃদুল তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মৃদুল শহরের ইদ্রাকপুর এলাকার টিটু দেওয়ানের ছেলে। আর মোবারক ও শরীফ মৃদুলের বাবা টিটু দেওয়ানের শৈশবের বন্ধু। তাৎক্ষণিক মৃদুলের এ ঘটনাটি তারা বাবা টিটুর কাছে মোবাইল ফোনে জানান মোবারক ও শরীফ। ঘটনা জানার পরপরই টিটু দেওয়ান তার ছেলেকে মোবাইল ফোনে শাসালে ক্ষিপ্ত হয়ে উঠে মৃদুল। এক পর্যায়ে শরীফ ও মোবারককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।