চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
জানা গেছে, লোহাগাড়া থানায় হত্যাসহ তিনটি এবং সাতকানিয়া থানার দুটি মামলাসহ মোট পাঁচ মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে গ্রেপ্তার দেখানো এবং এর মধ্যে দুটি মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে রবিবার সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নদভীকে আদালতে হাজির করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘লোহাগাড়া থানার তিন মামলায় এবং সাতকানিয়া থানার দুই মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে গ্রেপ্তার দেখানো এবং দুটি মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
এর আগে, গত ১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামেও একাধিক মামলা হয়েছে। পরে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার একটি আদালত।