জুটির নতুন রেকর্ড গড়লেন লিটন-তামিম

টানা ছয় ম্যাচ হারার পর দুর্বার রাজশাহীর বিপক্ষে জ্বলে উঠেছেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। পুরো ম্যাচ জুড়ে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। শুরুতে একটু দেখেশুনে খেললেও কয়েক ওভার পর থেকেই আক্রমণাত্বক ব্যাটিং শুরু করেন তারা দুজন। লিটন ও তানজিদের সামনে বল ফেলার জায়গাই যেন খুঁজে পাচ্ছিলেন না রাজশাহীর বোলাররা। 

দাপুটে ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন। ডানহাতি ওপেনার অপরাজিত ছিলেন ১২৫ রানে। আরেক ওপেনার আউট হওয়ার আগে খেলেছেন ১০৮ রানের অনবদ্য ইনিংস। তানজিদ ফেরায় ভেঙেছে তাদের দুজনের ২৪১ রানের জুটি। বিপিএলের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি রানের জুটি।

লিটন ও তানজিদের সেঞ্চুরিতে ২৫৪ রানের পুঁজি পেয়েছে ঢাকা। বিপিএলের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি রানের পুঁজি। ঢাকা পেছনে ফেলেছে ২০১৯ সালে রংপুর রাইডার্সের করা ২৩৯ রানের পুঁজিকে। ম্যাচ জিততে হলে বিপিএলের ইতিহাসের রেকর্ড ভাঙতে হবে রাজশাহীকে।

এর আগে ২০১৩ সালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ১৯৭ রানের জুটি গড়েছিলেন শাহরিয়ার নাফীস ও লুই ভিনসেন্ট। সেদিন খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে সেঞ্চুরি করেছিলেন নাফীস।

তাদের দুজনের উদ্বোধনী জুটির রেকর্ড ভেঙে দিয়েছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। সেই সঙ্গে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের জুটির রেকর্ডও ভেঙেছেন তারা দুজন। ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অবিচ্ছিন্ন ২০১ রানের জুটি গড়েছিলেন রংপুর রাইডার্সের ম্যাককালাম ও গেইল। 

বিপিএলে যেকোন উইকেটে এটিই ছিল সবচেয়ে বেশি রানের জুটি। সেটাও ভেঙে ১৭ ওভারে অবিচ্ছিন্ন ২০৪ রানের জুটি গড়েছেন লিটন ও তানজিদ।