স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে করতে ছয় মাস বয়সী বাচ্চা মেয়েকে ষষ্ঠ তলার অ্যাপার্টমেন্টের জানালা থেকে ছুড়ে ফেলে দিলেন বাবা। এই ঘটনাটি ঘটে গিয়েছে চীনে। স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, মাতাল অবস্থায় এই কাণ্ড বাঁধিয়েছেন এই ব্যক্তি।
জানা গিয়েছে, অভিযুক্ত বাবার নাম ঝাও। প্রতিবেদনে বলা হয়েছে, ঝাও তার স্ত্রীর সঙ্গে রাতের খাবারের সময় ওয়াইন পান করেন। এরপর তার স্ত্রী কিছু ঘরের কাজ করার জন্য বাচ্চাটিকে বাবার কাছে রেখে যান। বাচ্চাটি সেসময় কাঁদছিল। কিন্তু ঝাও শিশুটিকে থামানোর চেষ্টা করেননি। এতে তার স্ত্রী বিরক্ত হন এবং হতাশা প্রকাশ করেন। এরপরেই দুজনে তর্ক শুরু করেন, জোরালো হয় ঝগড়া। রাগের মাথায়, ঝাও শিশুটিকে কোলে নিয়ে অ্যাপার্টমেন্টের জানালার দিকে চলে যান।
ঝগড়া চলাকালীনই, ঝাও শিশুটিকে শান্ত করার জন্য তাকে দোলাতে চেষ্টা করেন, কিন্তু সে সময় মাতাল অবস্থায় থাকায় তিনি ঘটনাক্রমে বাচ্চাটিকে জানালার বাইরে ফেলে দেন। কোনওক্রমে হাত পিছলে গিয়েই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
এরপর দুজনেই ঝগড়া থামিয়ে মেয়েকে খুঁজতে দ্রুত নিচে নেমে যান। ঝাও তড়িঘড়ি শিশুটিকে হাসপাতালে নিয়ে যান ঠিকই, কিন্তু সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে গুরুতর আঘাত এবং একাধিক অঙ্গের ক্ষতির কারণে শক থেকে বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে।
ঝাওয়ের স্ত্রী নিজেই মেয়েকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ করেন তার বিরুদ্ধে। এরপর হাসপাতাল পুলিশের সঙ্গে যোগাযোগ করে। যদিও আদালতে দাঁড়িয়ে স্ত্রী বলেছিলেন যে ঝাও প্রায় প্রতিদিনই মদ খান, কিন্তু তিনি সবসময় তাদের মেয়ের প্রতি যত্নবানই ছিলেন।