চোট কাটিয়ে ফেরার পরই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ইব্রাহিম জাদরান। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত আফগানিস্তানের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে ২৩ বছর বয়সী এই ওপেনারকে। তবে জায়গা হয়নি তারকা স্পিনার মুজিব-উর রহমানের। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) শনিবার আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেছে।
গত বছরের সেপ্টেম্বরে অনুশীলনের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন ইব্রাহিম। অস্ত্রোপচার শেষে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠে ফেরেন তিনি। খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে আলো ছড়ানোর পর এখন খেলছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। সেখান থেকেই সরাসরি জাতীয় দলে ফেরা এই ওপেনারের জন্য বড় প্রাপ্তি।
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে থাকা মুজিব উর রহমানকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি। বাদ পড়েছেন তরুণ ব্যাটার আব্দুল মালিক, ডারউইশ রাসূলি এবং স্পিনার নাঙ্গেলিয়া খারোটে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকবেন রাসূলি, খারোটে এবং পেসার বিলাল সামি।
ব্যাটিং লাইনআপে রয়েছেন ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, রহমানুল্লাহ গুরবাজ, হাশমতউল্লাহ শহীদি, রহমত শাহ এবং ইকরাম আলী খিল। অলরাউন্ড বিভাগে নেতৃত্ব দেবেন মোহাম্মদ নবি, সঙ্গে থাকবেন গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই।
স্পিন আক্রমণে রশিদ খান, নূর আহমদ এবং মোহাম্মদ গাজানফারের সঙ্গে অভিজ্ঞতা যোগ করবেন নবী। পেস বিভাগে থাকবেন ফজলহক ফারুকি, ফরিদ মালিক, নাভিদ জাদরান এবং ওমরজাই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। কঠিন গ্রুপে পড়লেও স্কোয়াডের তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে এগিয়ে যেতে চায় তারা।
আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড
ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, হাশমতউল্লাহ শহীদি, রহমত শাহ, ইকরামআলী খিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, মোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক এবং নাভিদ জাদরান।
রিজার্ভ- ডারউইশ রাসূলি, নাঙ্গেলিয়া খারোটে, বিলাল সামি