বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল বিল্ডিংয়ে ‘বাংলাদেশের শিল্পখাতে ক্যাপটিভ পাওয়ার জেনারেশন-পর্যালোচনা এবং সুপারিশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইইএসডি) আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং শিল্পনেতারা অংশগ্রহণ করেন। ক্যাপটিভ পাওয়ার সলিউশনের মাধ্যমে শিল্প খাতে জ্বালানি দক্ষতার উন্নতির বিষয়ে বিভিন্ন সুপারিশ ও ফলপ্রসূ আলোচনা করেন তারা।
বুয়েটের আইইএসডি পরিচালক অধ্যাপক ড. মো. আলী আহমেদ শওকত চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী।
সেমিনারে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমান উদ্দিন প্রধান বক্তা হিসেবে বাংলাদেশে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে (সিপিপি) উল্লেখযোগ্য বিষয়াদি ও ফলাফল উপস্থাপন করেন।
প্যানেল আলোচনা সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান খান। অংশগ্রহণকারীরা জ্বালানি নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং খরচ-কার্যকারিতা নিশ্চিত করার ক্ষেত্রে সিপিপির ভূমিকা তুলে ধরেন। এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ দৌলাসহ বিশিষ্ট ব্যবসায়ী নেতারা, বিটিএমএ-এর প্রতিনিধিরা, মোশারফ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন; এশিয়া কম্পোজিট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ রানা এবং জেএম ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর আর. চৌধুরী, গার্মেন্টস, ইস্পাত, খাদ্য ও পানীয়, ফার্মাসিউটিক্যালস, সিমেন্ট শিল্পের প্রতিনিধিরা সেমিনারে তাদের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতাগুলো তুলে ধরেন।