বছরের প্রথম ১১ দিন

ডিসেম্বরের তুলনায় রেমিট্যান্স কমেছে ৪ হাজার কোটি

চলতি বছরে প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ৮৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। সে হিসেবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৬৯ লাখ ডলার।

তবে গত বছরের ডিসেম্বরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১০৮ কোটি ৪৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ হাজার ২৩২ কোটি টাকা। এ হিসাবে জানুয়ারিতে কমেছে রেমিট্যান্স প্রবাহ।

রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, জানুয়ারির প্রথম ১১ দিনে দেশে এসেছে ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ১০ হাজার ডলার।