সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে নজরুল ইসলাম গাজী নামের এক কৃষকের সীমান্ত সংলগ্ন জমি চাষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেওয়াকে কেন্দ্র করে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তের তিন নং মেইন পিলারের দুই ও তিন নম্বর সাব পিলারের মধ্যবর্তী শূন্যরেখা বরাবর বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের লে. কর্ণেল আশরাফুল হক। বিএসএফ এর নেতৃত্বে দেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার।
লক্ষীদাঁড়ি গ্রামের শাহীন গাজী নামে একজন জানান, তাদের বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ফসলের চাষ করে আসছেন বাবা নজরুল গাজী। শনিবার বিকেলে দুইজন শ্রমিক নিয়ে জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাধা দেন। ওই সময় তারা জমি ভারতের বলে তারা দাবি করেন। পরে বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়।
ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জানান, পতাকা বৈঠকে সীমাান্তের অমীমাংসিত জমি নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের সার্ভেয়ারদের নিয়ে জমি মাপা হবে। মাপ শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষই শূন্য রেখা এলাকায় নির্মাণ কাজ না চালানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তবে সাতক্ষীরা সীমান্তে কোন উত্তেজনা নেই বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।