বলিউড অভিনেতা সোনু সুদের প্রথম পরিচালিত ছবি ‘ফাতেহ’ শুক্রবার মুক্তি পেয়েছে। এই অ্যাকশন ছবিতে প্রধান ভূমিকাতেও দেখা যাবে তাকে। এই ছবিতে সোনুর বিপরীতে রয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
সিনেমাটি মুক্তির পর থেকে সবার কাছ থেকে প্রচুর ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন জ্যাকুলিন। ছবিটিতে খুশি নামে একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই চরিত্রে অভিনয় করে ব্যাপক উচ্ছ্বসিত জ্যাকুলিন। তিনি এই ছবিতে অভিনয়কে আসল সুখের জায়গা বলে উল্লেখ করেছেন।
ছবিতে তার চরিত্রের বিষয়ে জ্যাকুলিন বলেন, সবার কাছ থেকে অনেক ইতিবাচক সাড়া পাচ্ছি। খুশির চরিত্রে অভিনয় করা আমার জন্য একটি সত্যিকারের আনন্দের জায়গা। ছবিতে খুশি চরিত্রটি একটি সাধারণ ও সরলতার প্রতীক; যেটি আমাকে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, আমি আনন্দিত যে দর্শকরা আমাকে এমন চরিত্রে অভিনয় করতে দেখছেন, যা একজন ব্যক্তি হিসেবে আমার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আমার জন্য ২০২৫ সালটি শুরু হয়েছে অনেক প্রাপ্তি দিয়ে। আমি আগামীতে আমার ভক্তদের আরও অনেক ভালো কিছু উপহার দিতে পারব যেগুলো পাইপলাইনে রয়েছে।
‘ফাতেহ’ ছবিটির মূল প্রেক্ষাপটে রয়েছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমের খারাপ প্রভাব তুলে ধরা হয়েছে এই ছবিতে। সাইবার ক্রাইম সাধারণ মানুষের জীবনে কতটা জটিলতা তৈরি করতে পারে তা নিয়েই ছবির গল্প।
গত কয়েক মাস ধরেই ডিপ ফেক এবং অন্যান্য বিভিন্ন সাইবার ক্রাইম সম্পর্কিত বিষয়গুলো সামনে এসেছে। সোনু সুদ বিশ্বাস করেন যে ‘ফাতেহ’র মতো ছবির মাধ্যমে এ ধরনের সমস্যার সঙ্গে মোকাবিলা করার এটাই সঠিক সময়।
ভারত, আমেরিকা, রাশিয়া ও পোল্যান্ডসহ বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। সোনু-জ্যাকুলিন ছাড়াও অভিনয় করেছেন বিজয় রাজ, নাসিরুদ্দিন শাহ এবং দিব্যেন্দু ভট্টাচার্য।