বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হওয়া জাতীয় প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে আয়কর রেয়াত সুবিধার বিধান বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর গত ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে।
গতকাল রবিবার সংস্থাটির আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলে হয়েছে, আয়কর আইনের ষষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২-এর দফা ১৫ বাতিল করা হলো। ওই দফায় বলা হয়েছিল জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত যেকোনো পরিমাণ অর্থ কর রেয়াতের জন্য প্রযোজ্য হবে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠানে ব্যক্তিশ্রেণির করদাতারা দান বা অনুদান করলে আয়কর রেয়াত সুবিধা পায়।
২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারা অনুযায়ী এই সুবিধা দেওয়া হয়। ২০টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম দেওয়ার সুযোগ মিলবে। সে হিসেবে জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত যেকোনো পরিমাণের অর্থ আয়কর আইনের ধারা ৭৮ অনুসারে কর রেয়াত সুবিধা পাবেন।
এর আগে গত ১৬ অক্টোবর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, অন্তর্বর্তী সরকার তাকে (শেখ মুজিবুর রহমান) ‘জাতির পিতা’ মনে করে না।