সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার আরও একটি মামলা হয়েছে। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নুপুর আখতার এ মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মাদপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নিদেশ দেয়।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় নুপুর আখতার আন্দোলনে অংশ নেন। এ সময় পুলিশ হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করলে তার বাম হাতে একটি এবং মাথায় আরেকটি গুলি লাগে। এতে তিনি গুরুতর জখম হন। পরে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। মামলায় উল্লেখযোগ্য অন্য যাদের নাম রয়েছে তারা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রমুখ।