আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ। তার ৫ দিন পর ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু এ স্বল্প সময়ের কথা মাথায় রেখে এক সপ্তাহ পিছিয়ে আইপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত রাতে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত মোতাবেক ১৮তম আইপিএল শুরু হবে ২১ মার্চ। আর শেষ হবে ২৫ মে। প্রথা মেনে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ এবার অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনসে।
এবারের আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল বিসিসিআই এর। তবে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। গত তিন বছরের মতো এবারও ম্যাচ হবে ৭৪টি। বিস্তারিত সূচী এ মাসের শেষ দিকে প্রকাশ হতে পারে বলে ধারণা করছে দেশটির গণমাধ্যমগুলো।
নারী আইপিএল অর্থাৎ ডব্লিউপিএলের দিন-তারিখও চূড়ান্ত করা হয়েছে। পাঁচ দলের এই আসর চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত। এবারের আসরের ভেন্যু হিসেবে মুম্বাই ও বেঙ্গালুরুর সঙ্গে নাম এসেছে লখনৌ ও বারোদারার।