তুলা ক্ষেতে বাবা-মায়ের সঙ্গে কাজ করছিল সাত বছরের শিশুকন্যা। একটু সন্ধ্যা হলেই হঠাৎ ওই শিশুর ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। কোনো মতে তাকে উদ্ধার করে আনা হলেও বাঁচানো যায়নি। গুজরাটের আমরেলি জেলায় এ ঘটনা ঘটে। এর পরেই বন অধিদপ্তরের থেকেই ওই বাঘটি বন্দি করতে ফাঁদ পাতা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে রাজুলা জঙ্গলের রেঞ্জ অফিসার জিএল বাঘেলা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় চিত্রসার গ্রামে তুলার ক্ষেতে বাবা-মায়ের সঙ্গে কাজ করছিল শিশুটি। তখনই তার ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। তারপর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনো মতে তাকে উদ্ধার করে তার বাবা-মা। শিশুটির গলায় গভীর ক্ষত তৈরি হয়। জাফরাবাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। চিতাবাঘটিকে ধরার জন্য আটটি দল গড়েছে বন অধিদপ্তর। জায়গায় জায়গায় ফাঁদ পেতেছে।
রাজুলার বিধায়ক হিরা সোলাঙ্কি জানিয়েছেন, চিতাবাঘটিকে দ্রুত ধরার নির্দেশ দিয়েছেন তিনি। চিতাবাঘটিকে খাঁচাবন্দি করে দ্রুত বনে ছেড়ে দিতে বলেছি।